ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নিউ মার্কেটে অবস্থিত ‘চিশতিয়া টেইলার্স এন্ড ফেব্রিক্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের প্রায় ২৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন মালিক মোহাম্মদ হোসেন।
জানা যায়, গত ২ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা বিভিন্ন ধরনের কাপড়, সেলাই মেশিন, আসবাবপত্র, নগদ অর্থসহ মূল্যবান মালামাল আগুনে পুড়ে যায়।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দোকান মালিক মোহাম্মদ হোসেন জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশ সম্পদ আগুনে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় তাঁর প্রায় ২৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর ৪ জুলাই ২০২৬ তারিখে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–২০৩) করা হয়েছে। পুলিশ বিষয়টি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।